গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলা চালান। রাত ৮টা পর্যন্ত সেখানে উত্তেজনা ও সংঘর্ষ চলছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কেউ কল রিসিভ করেননি। ফলে হামলা, অগ্নিসংযোগ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :