২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। তবে নির্ধারিত সময়ের আগেই বরাদ্দ করা কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছিল। ওই বছর বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটা পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের পাশাপাশি হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমা অনুসরণের নির্দেশনা দিয়েছে।
এদিকে, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
আপনার মতামত লিখুন :