সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির ওসমান ফারুক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ওসমান ফারুকের পাঠানো পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন তিনি।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি ওসমান ফারুক। ওই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।