সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

বিএনপির সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা তারেক রহমান এ নির্দেশনা দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠক দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সূত্র আরও জানায়, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করা এবং জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের যোগাযোগ আরও নিবিড় করতেই সংসদ সদস্যদের এলাকায় যাওয়ার এ নির্দেশনা দেওয়া হয়েছে।