রাজধানীর তীব্র যানজট কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
তারেক রহমান বলেন, রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড়ে ইতোমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যে ৫০টি পয়েন্টে এআই প্রযুক্তিনির্ভর সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি সচল হবে।
তিনি জানান, আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা চালু হলে ঢাকার যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা
রাজধানীর যানজট নিরসনে দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিবহন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার কয়েকটি রুটে ইতোমধ্যে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রী বলেন, মনোরেল তুলনামূলক ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। এ কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতেও এ পরিবহনব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে।
সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল এবং এআই-নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন ও সড়ক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে পারে।
আপনার মতামত লিখুন :