সাভার-আশুলিয়ায় ২৫ কারখানায় উৎপাদন বন্ধ, ১৩টিতে সাধারণ ছুটি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ১:২০ অপরাহ্ন

শ্রমিক আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার ২০ থেকে ২৫টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন। অন্যদিকে, ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বুধবার সকালে আশুলিয়ায় সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করে কাজ শুরু করলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। এ ছাড়া ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।

শ্রমিকদের কাজে যোগ না দেওয়ার কারণে আজ ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দিনও ১৩টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান তিনি।

শিল্প পুলিশের এই কর্মকর্তা বলেন, যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন, সেগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। সড়কেও যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে আসার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে।

তিনি আরও জানান, গতকাল আটটি কারখানা বন্ধ ছিল। আজ নতুন করে রোজ বেস ও পাইওনিয়ার নামের দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।