২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।
ফল পরিবর্তনের কারণে আগে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকে নতুন করে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি কিছু শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়ে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ হয়েছে। তবে নতুন করে কতজন পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানতে বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল দেখতে হবে।
এবার প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। ফলে প্রচলিত নিয়মে নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
মূল ফলাফলে পাসের হার ছিল ৫২.১২ শতাংশ
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফল অনুযায়ী, মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। সার্বিক পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
পুনর্নিরীক্ষণে আবেদন করেন প্রায় ৩ লাখ শিক্ষার্থী
মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।
আপনার মতামত লিখুন :