দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুরে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর কোনো তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৬ হাজার ৩০০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে।
আপনার মতামত লিখুন :