পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা মজুরির দাবিতে অনড় রয়েছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। তবে আরও আলোচনা শেষে মঙ্গলবারই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এসব তথ্য জানানো হয়। বেলা ২টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টার আলোচনায় উভয় পক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২৫ হাজার টাকা এবং সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।

বোর্ডের এক সদস্য জানান, দীর্ঘ আলোচনা সত্ত্বেও মজুরি নির্ধারণে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। পরে মুলতবি হওয়া সভাটি মঙ্গলবার বেলা ২টায় আবার শুরু হয়।

মজুরি বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে, তৈরি পোশাকশিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে ১৫ হাজার ৭০০ টাকা হবে। অর্থাৎ বর্তমান মজুরির তুলনায় ৩ হাজার ২০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।