ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে অন্তত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির খনি মন্ত্রণালয়। ভারী বৃষ্টিপাতের পর এই দুর্ঘটনা ঘটেছে বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সরকারি সূত্রের দাবি, নিহতদের মধ্যে প্রায় ৭০ জন শিশু রয়েছে। আহতদের নিকটবর্তী শহর গোমার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে খনিটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী March 23 Movement (এম২৩) সরকারের এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে।
গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফ্যানি কাজ দাবি করেন, ঘটনাটি ভূমিধস নয়; বরং একটি বোমা হামলার ফল। তার ভাষ্য অনুযায়ী, এতে মাত্র পাঁচজন নিহত হয়েছে। “যা প্রচার করা হচ্ছে তা সঠিক নয়,” বলেন তিনি, “এখানে ভূমিধস ঘটেনি, একটি বিস্ফোরণ হয়েছে।”
অন্যদিকে খনিতে কর্মরত শ্রমিক ইব্রাহিম তালুসেকে বার্তা সংস্থা Associated Press–কে জানান, তিনি নিজে ঘটনাস্থল থেকে দুই শতাধিক মরদেহ উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তার অভিযোগ, খনির গর্তের মালিকেরা প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশে বাধা দিচ্ছেন।
রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে বিদ্রোহী জোট Congo River Alliance–এর একজন কর্মকর্তা বলেন, ২০২৪ সাল থেকে তাদের নিয়ন্ত্রণে থাকা এই খনিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় সাম্প্রতিক সময়ে খনন কার্যক্রম সীমিত করার আহ্বান জানানো হয়েছে। তার মতে, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে।
রুবায়া খনি বৈশ্বিক কলটান উৎপাদনের প্রায় ১৫ শতাংশ সরবরাহ করে। এই খনিজ থেকে প্রাপ্ত ট্যানটালাম ধাতু মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি ও গ্যাস টারবাইনের মতো উন্নত প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হয়। একই এলাকায় চলতি বছরের জানুয়ারিতেও ভারী বৃষ্টির পর খনি ধসে দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :