দেশজুড়ে পেট্রল পাম্পে তদারকি জোরদার, ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতিটি পেট্রল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের লক্ষ্য হলো সরবরাহ, বিক্রয় ও ব্যবস্থাপনায় সমন্বয় নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে তদারকি জোরদার করা।

শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ মার্চ অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পেট্রল পাম্পগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। অন্যদিকে, মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরে এই দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা, এবং উপজেলা পর্যায়ে নিয়োগ দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রতিদিনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন। সরকার দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অবহিত করার নির্দেশ দিয়েছে।

নীতিনির্ধারকদের মতে, চলমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে কার্যকর ও নিয়ন্ত্রিত রাখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।