চট্টগ্রাম: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি কার্যক্রম জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ এই চালান নিয়ে বন্দরের কাছাকাছি অবস্থান করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে একাধিক চালান বন্দরের পথে রয়েছে।
তিনি জানান, মালয়েশিয়া থেকে ডিজেলবাহী আরেকটি জাহাজ ইতোমধ্যে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এবং শুক্রবার রাতের মধ্যে বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চীন থেকে রওনা হওয়া একটি এলপিজিবাহী জাহাজও আগামী শনিবার নাগাদ চট্টগ্রামে ভিড়তে পারে।
বন্দর কর্তৃপক্ষের হিসাবে, মালয়েশিয়া থেকে আসা জাহাজটি পৌঁছালে একদিনেই মোট প্রায় ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে যুক্ত হবে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ পর্যন্ত সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে একাধিক চালান এসে পৌঁছেছে, যা বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বহুমুখী উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখলে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি খাতে চাপ কিছুটা লাঘব হতে পারে।
আপনার মতামত লিখুন :