পুলিশে রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

জনস্বার্থে পুলিশের উচ্চপর্যায়ে রদবদল আনা হয়েছে। ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ মোট ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে, উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে এই বদলির তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ৫ এপিবিএনের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক করা হয়েছে।

১৩ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। র‍্যাবের দুই পরিচালক মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।