দেশব্যাপী স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারীকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) সিলেট নগরের সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের অনেক এলাকায় এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছায়নি। শুধু হাসপাতাল ও চিকিৎসক বাড়ালেই এ সমস্যার সমাধান হবে না; বরং রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করাই বেশি জরুরি।
প্রধানমন্ত্রী জানান, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রাম পর্যায়ে গিয়ে মানুষের বাড়ি বাড়ি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন। খাদ্যাভ্যাস, জীবনযাপন, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সরাসরি পরামর্শ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবারভিত্তিক স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রাথমিক পর্যায়েই রোগ প্রতিরোধে সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :