দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। বৃষ্টিবিঘ্নিত পরিবেশেও আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলায় কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব তাদেরই নিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে দেশের সুনাম বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানান তিনি।

জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ধর্মগ্রন্থ থেকে পাঠ, কর্মসূচি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং থিম সং পরিবেশনের মধ্য দিয়ে আয়োজন এগিয়ে চলে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা আটটি ভিন্ন খেলার মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন।
স্বাগত বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, এই কর্মসূচির লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ নির্বাচন করে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করা। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের নিয়ে একটি তথ্যভাণ্ডার তৈরি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করাই এর মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও ক্রীড়া বিজ্ঞানের সহায়তায় খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন করা হবে, যাতে ভবিষ্যতে অলিম্পিকসহ বড় প্রতিযোগিতায় বাংলাদেশের শক্ত অবস্থান নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ক্রীড়াবিদদের জন্য ভাতা ও ক্রীড়া কার্ড চালুর পাশাপাশি নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :