২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman। শনিবারের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সফরকালে প্রধানমন্ত্রী জেলার একাধিক উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা রয়েছে। পাশাপাশি জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, সকালে ঢাকায় থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।

পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে দেশের ২২টি জেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলটির প্রধান।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন, এই সফরের মাধ্যমে জেলার উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন। তিনি চাঁদপুর-কুমিল্লা সড়ক চার লেনে উন্নীত করা, পর্যটন শিল্পের বিকাশ এবং সংস্কৃতি খাতে বিশেষ বরাদ্দের দাবি জানান।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ বলেন, জেলায় শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণেও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, খাল পুনঃখনন কর্মসূচির পাশাপাশি রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সড়ক, নৌ ও রেলপথে যোগাযোগ সুবিধার কারণে চাঁদপুর শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। তিনি বলেন, এখানে একটি ইপিজেড প্রতিষ্ঠা করা গেলে চাঁদপুরসহ আশপাশের জেলার মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।