পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর দক্ষিণাঞ্চলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে রাত ৯টার মধ্যেই পুরো দক্ষিণ ঢাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার দুপুরে কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবদুস সালাম বলেন, “ডিএসসিসি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কার্যক্রম শুরুর পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ চলছে।”
তিনি আরও বলেন, নগরী পরিচ্ছন্ন রাখতে দ্রুত বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঈদের প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কাজে মাঠপর্যায়ে নিয়োজিত রয়েছেন ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা ও কর্মচারী।
সংস্থাটি জানিয়েছে, ঈদের তিন দিনে দক্ষিণ সিটি এলাকার মোট প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য বিশেষ ব্যবস্থাপনায় ট্রাক, কনটেইনার, ডাম্পার ও অন্যান্য পরিবহন সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহায় রাজধানীতে বিপুল পরিমাণ পশুবর্জ্য তৈরি হওয়ায় দ্রুত অপসারণ ও জীবাণুনাশ কার্যক্রমকে জনস্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে, সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ, জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা থাকে।
এ প্রেক্ষাপটে ডিএসসিসির দ্রুত বর্জ্য অপসারণ উদ্যোগ নগরবাসীর জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :