ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই ড্রয়ে শেষ হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটল।
এর আগে একদিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা ঘটেছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। দীর্ঘ ৬৮ বছর পর আবারও সেই বিরল পরিসংখ্যানের পুনরাবৃত্তি হলো।
বিশ্বকাপের পঞ্চম দিনের ম্যাচগুলোতে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে। বেলজিয়াম ও মিসরের ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়। একই ব্যবধানে ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে।
চারটি ম্যাচেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং জমজমাট লড়াই। তবে শেষ পর্যন্ত কোনো দলই জয় তুলে নিতে পারেনি। ফলে দিনটি বিশ্বকাপ ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩০ সালে বিশ্বকাপ যাত্রা শুরুর পর থেকে একদিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দুইবার ঘটেছে। প্রথমবার ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে এমন রেকর্ড গড়া হয়েছিল।
সেই আসরে একই দিনে স্বাগতিক সুইডেন ও ওয়েলস গোলশূন্য ড্র করে। যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ের ম্যাচ ৩-৩ গোলে সমতায় শেষ হয়। ইংল্যান্ড ও অস্ট্রিয়া ২-২ গোলে ড্র করে। একই ফলাফল হয়েছিল নর্দান আয়ারল্যান্ড ও পশ্চিম জার্মানির মধ্যকার ম্যাচেও।
মজার বিষয় হলো, ১৯৫৮ সালে যে দিনে এই বিরল রেকর্ড গড়া হয়েছিল, সেটিও ছিল ১৫ জুন। আর ৬৮ বছর পর আবারও ১৫ জুনেই বিশ্বকাপের মঞ্চে চারটি ম্যাচ ড্র হয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল।
ফুটবল বিশ্লেষকদের মতে, একদিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা বিশ্ব ফুটবলে শক্তির ভারসাম্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। আগে যেখানে বড় দলগুলো সহজেই আধিপত্য বিস্তার করত, এখন তুলনামূলক ছোট দলগুলোও সমানতালে লড়াই করছে। ফলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে অপ্রত্যাশিত ফলাফল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সংখ্যা বাড়ছে।
বিশ্বকাপের ইতিহাসে বিরল এই দিনটি তাই শুধু একটি পরিসংখ্যান নয়, বরং বিশ্ব ফুটবলের পরিবর্তিত বাস্তবতারও প্রতিচ্ছবি হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :