চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে তাকে গ্রেপ্তার করে।
মামলার নথি অনুযায়ী, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার আদালতে মামলা করেন। পরে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম আদালতে বলেন, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাই তাকে জামিন দিলে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জামিন না দেওয়ার আবেদন জানান।
উল্লেখ্য, মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগীতির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
আপনার মতামত লিখুন :