তনু হত্যা মামলা: হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, জামিন স্থগিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক-এর চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করে এ আদেশ দেন।

এর আগে, গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে ৪ আগস্ট তিনি কারামুক্ত হন। ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমানকে আত্মসমর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জামিন আদেশ আপাতত স্থগিত থাকায় মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম এখন আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।