তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
তথ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে আন্দালিব রহমান
জহির উদ্দিন স্বপনের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী—
ড. আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
সাচিং প্রু — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
আন্দালিব রহমান পার্থ — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
মিজ আফরোজা খানম — খাদ্য মন্ত্রণালয়
হুমায়ুন কবির — পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
মোহাম্মদ শামীম কায়সার — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
নতুন রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় পরিবর্তন
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়ান। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
পরে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন এবং প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া একজনসহ মোট ছয়জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপনার মতামত লিখুন :