বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করতে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

বিমান সূত্র জানায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তি সই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে।

চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন সই করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চুক্তি সইয়ের পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও বিমান সূত্র জানিয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির আওতায় আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার কথা রয়েছে। সব মিলিয়ে ওই চুক্তিতে উড়োজাহাজের সংখ্যা ১৪টি।

বুধবারের প্রস্তাবিত ১১ উড়োজাহাজের চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে।

তবে নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মোট মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। এসব বিষয়ে চুক্তি সইয়ের পর বিস্তারিত জানা যেতে পারে।