তীব্র সমালোচনায় স্থগিত আইয়ুব বাচ্চুর ২০ গানের ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’


বিনোদন প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

কিংবদন্তি রকশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে তৈরি ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’ আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সংগীতায়োজনে প্রকাশিত গানগুলো নিয়ে শ্রোতা-ভক্তদের তীব্র সমালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রোববার রাজধানীর ধানমন্ডিতে প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের জরুরি বৈঠকে প্রকাশিত চারটি গান অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া এবং অপ্রকাশিত ১৩টি গান আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত হয়।

এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, আইয়ুব বাচ্চুর সৃষ্টি ভক্তদের কাছে আবেগের বিষয়। তাঁর কালজয়ী গান যথাযথভাবে উপস্থাপন না হলে তা গ্রহণযোগ্য নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে একটি প্যানেল গঠন এবং তাদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে গানগুলো প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও প্রকল্পটি আপাতত স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘উত্তরাধিকার’ প্রকল্পে এরই মধ্যে সাতটি গান প্রকাশিত হয়েছিল। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’, সোনার বাংলা সার্কাসের ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের ‘কষ্ট কাকে বলে’, পলাশের ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের ‘হকার’ এবং অদিত রহমানের ‘ঘুমন্ত শহরে’ ছিল।

প্রকল্পসংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা জানিয়েছেন, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা থেকেই তাঁরা গানগুলো করেছেন এবং এ কাজ থেকে কেউ অর্থনৈতিকভাবে লাভবান হননি। তাঁদের মতে, গান নিয়ে সমালোচনা স্বাভাবিক হলেও অন্য শিল্পী কিংবদন্তির গান পরিবেশন করতে পারবেন না—এমন ধারণা গ্রহণযোগ্য নয়।

আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ‘উত্তরাধিকার’ থেকে অর্জিত অর্থ ব্যয় করার কথা ছিল আইয়ুব বাচ্চু মিউজিয়াম নির্মাণে।