মায়ের কবরে সমাহিত হবেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৬:১০ অপরাহ্ন

চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমীরুল ইসলাম। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু জানান, রাত ১টা ৭ মিনিটে চিকিৎসকরা আমীরুল ইসলামের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন আমীরুল ইসলাম। কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ‘খামখেয়ালি’ ছড়াগ্রন্থের জন্য তিনি অল্প বয়সেই শিশু একাডেমি-অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পান। পরবর্তী সময়ে একই পুরস্কার আরও পাঁচবার অর্জন করেন।

দীর্ঘ সাহিত্যজীবনে তিনি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯, ২০১০ ও ২০১১), শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১), অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার (২০১২), হাবীবুর রহমান শিশুসাহিত্য পুরস্কার (২০১৪) এবং লাটাই ছড়াসাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা আড়াই শতাধিক। শিশু-কিশোরদের জন্য গল্প, ছড়া ও বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা লিখে তিনি বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। বাংলা একাডেমির ফেলো আমীরুল ইসলাম মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য ছিলেন। তিনি সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক’-এর প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর-তরুণদের উৎকর্ষধর্মী মাসিক ‘আসন্ন’-এর সম্পাদক হিসেবে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন। অধুনালুপ্ত দৈনিক বাংলার ছোটদের জন্য প্রকাশিত প্রথম চার রঙের কিশোর পাতা সম্পাদনা করেন পাঁচ বছর। সবশেষে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আমীরুল ইসলামের মরদেহ শুক্রবার বাদ জুমা তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হবে। সেখানে বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি থেকে মিরপুরে নেওয়ার পথে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৫ মিনিটের জন্য যাত্রাবিরতি হবে।

পরে মিরপুরের গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।

পুরনো বই ও চিত্রকলা সংগ্রহ, বই পড়া, দাবা খেলা, রবীন্দ্রসংগীত শোনা এবং বিশ্বের বিভিন্ন শহর ভ্রমণ ছিল আমীরুল ইসলামের প্রিয় শখ।