ইয়েমেনের কৌশলগত লোহিত সাগর উপকূলে দ্রুত অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা ও দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বাহিনী।
সর্বশেষ বাব আল-মান্দেব প্রণালির মুখে অবস্থিত কৌশলগত পেরিম দ্বীপে পৌঁছেছে তারা। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটির ওপর হুতিদের সামরিক চাপ আরও বেড়েছে।
বৃহস্পতিবার ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর হুতিরা লোহিত সাগরের উপকূল ধরে দক্ষিণ দিকে অগ্রসর হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী মোখা থেকে সরে যাওয়ার পর হুতিরা ধুবাবের দিকে এগিয়ে যায়। বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থিত ধুবাবের নিয়ন্ত্রণ নেওয়ার পর পেরিম দ্বীপের দিকে অগ্রসর হয় তারা।
রয়টার্সকে চার ইয়েমেনি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হুতিরা পেরিম দ্বীপে পৌঁছেছে। এর আগে সরকারি বাহিনী দ্বীপটি থেকে সরে যায় এবং হুতিরা মূল ভূখণ্ডের ধুবাব শহরের নিয়ন্ত্রণ নেয়। পেরিম দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় এর নিয়ন্ত্রণ নৌপথটির ওপর হুতিদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
এর আগে হুতিরা লোহিত সাগরের হানিশ দ্বীপপুঞ্জের দিকেও অগ্রসর হয়েছিল। মোখা দখলের পর তাদের এই অগ্রযাত্রা বাব আল-মান্দেবের দক্ষিণ প্রবেশপথকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :