নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলন ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটে বাড়ানো হয়েছে নজরদারি এবং বিশ্বনেতাদের চলাচল পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ।

সম্মেলনে অংশ নিতে শুক্রবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও এতে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বৈঠকে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার, মধ্যপ্রাচ্য সংকট, আঞ্চলিক নিরাপত্তা ও পরিবর্তনশীল ভূরাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।

এবারের সম্মেলনে ব্রিকসের ১১ সদস্য ও ১০ অংশীদার দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ২০২৪ সালে ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ নতুন সদস্য যুক্ত হওয়ার পর জোটটির পরিধি আরও বিস্তৃত হয়েছে। বিশ্বব্যবস্থায় বহুমুখিতা বাড়াতে ব্রিকসের ভূমিকা থাকলেও বিশ্লেষকদের মতে, পশ্চিমা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর পূর্ণ বিকল্প হিসেবে জোটটির সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে।