রাজধানীর লালবাগে নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ী শেখ ওয়াসিম রনির (৪৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাওনা তিন লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেওয়ায় তাকে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগে তার বন্ধু মাসুমকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের বিসি দাস স্ট্রিটের ৯ নম্বর বাসার নিচতলায় দুই ভবনের মাঝের ফাঁকা জায়গায় মাটি ও বালু খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওয়াসিমের হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন ও কসটেপ প্যাঁচানো অবস্থায় ছিল।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, তিন দিন আগে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ নিখোঁজের ঘটনা তদন্তে নামে।
পুলিশ জানায়, ওয়াসিমের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিডি করার সময় মাসুমও থানায় উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি ওয়াসিমকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওয়াসিম রনির কাছে মাসুমের তিন লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা পরিশোধের জন্য ওয়াসিম তাকে চাপ দিচ্ছিলেন। পরে টাকা দেওয়ার কথা বলে ওয়াসিমকে নিজের বাসায় ডেকে নেন মাসুম।
সেখানে ওয়াসিমের মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে তার হাত-পা বেঁধে মুখে কসটেপ ও পলিথিন প্যাঁচানো হয়। এরপর বাসার নিচে দুই ভবনের মাঝের ফাঁকা জায়গায় বালু ও মাটি দিয়ে মরদেহটি চাপা দিয়ে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।
মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে ওই স্থান থেকে মাটি ও বালু সরিয়ে ওয়াসিম রনির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ওয়াসিমের বাসা রাজধানীর খিলগাঁওয়ের শেখদী এলাকায়।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, নিহতের স্ত্রী নুসরাত জাহান সিমা বাদী হয়ে মামলা করবেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :