দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২১ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫২৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৯, খুলনা বিভাগে ২৭৬, বরিশালে ২১৫, রাজশাহীতে ১৩২, ময়মনসিংহে ৭৯ এবং রংপুরে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আপনার মতামত লিখুন :