বিমানকর্মীদের জুতায় ৮০ স্বর্ণের বার, জব্দ ১৬ কোটি ২৫ লাখ টাকার সোনা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানকর্মীদের জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-০৫৮২) অভিযান চালানো হয়। এ সময় বিমানকর্মীদের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণের বার পাওয়া যায়।

আটক দুজন হলেন—এমিরেটস এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি বারের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণ লুকিয়ে পাচারের এ কৌশলের পেছনে কারা জড়িত, কোথা থেকে এসব স্বর্ণ আনা হয়েছে এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।