বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর তিনি বিআরটিসির চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে বিআরটিসির বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বদলি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল লতিফ মোল্লাকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওইদিন থেকেই তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ বলে গণ্য হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশের মধ্য দিয়ে বিআরটিসির শীর্ষ পদে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হলো।
আপনার মতামত লিখুন :