বাংলা ও উর্দু চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নাসিমা খান শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন। সর্বশেষ সমিতির নির্বাচনে ভোট দিতেও এসেছিলেন তিনি।
সনি রহমান বলেন, নাসিমা খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দেশে ও দেশের বাইরে তাঁর চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার সন্ধ্যায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে নাসিমা খান ছিলেন অন্যতম। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এ ছবির মাধ্যমে দর্শকমহলে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে জনপ্রিয়তা ধরে রেখেছিলেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে তিনি চলচ্চিত্রের একাধিক প্রজন্মের দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
অভিনয়জীবনের শেষ দিকে ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় তাঁকে। তাঁর মৃত্যুতে বাংলা ও উর্দু চলচ্চিত্রের একটি দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল।
আপনার মতামত লিখুন :