রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠন দুটির সদস্যরা। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
পরে রোববার সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। তবে অবরোধ প্রত্যাহার করা হলেও পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ বিষয়ে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে।
আপনার মতামত লিখুন :