ভারতের রাজধানী দিল্লিতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় বাড়ির সামনে ধর্নায় বসার পর তাঁকে আটক করে পুলিশ। এ সময় তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যদেরও আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশ ধর্নাস্থলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গে থাকা নেতাদের সেখান থেকে সরে যেতে বলে। তবে তাঁরা অবস্থান চালিয়ে গেলে পুলিশ তাঁদের আটক করে।
তৃণমূল কংগ্রেসের দাবি, আটক নেতাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে উত্তেজনা
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি না দিলেও দলটি নির্ধারিত সময়ে বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছিল।
এই কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি যান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বিমান থেকেই আটক সিজেপির নেতারা
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকেই আটক করে পুলিশ।
অভিজিৎ দীপকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ঘটনার সরাসরি সম্প্রচার করেন। ভিডিওতে পুলিশ সদস্যদের বিমানে প্রবেশ করে তাঁদের আটক করতে দেখা যায়।
সিজেপির নেতাদের আটকের ঘটনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক—দুটিই নির্বাচন কমিশনবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদারের মধ্যে ঘটেছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ এবং বিক্ষোভ ঠেকাতে পুলিশের পদক্ষেপ ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :