সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।
বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাঁদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে বিমানবন্দরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কতা
এর আগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারকারী বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সতর্কবার্তা দিয়েছিল হুতি গোষ্ঠী। নতুন করে সেই সতর্কতা পুনর্ব্যক্ত করেছেন ইয়াহিয়া সারি।
তিনি বলেন, পবিত্র মক্কা ও মদিনার আকাশসীমা ছাড়া সৌদি আরবের বাকি সব আকাশসীমা এড়িয়ে চলা উচিত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা। এর আগে রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যও প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।
তবে সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সূত্র: আল-জাজিরা।
আপনার মতামত লিখুন :