সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আ. কা. মো. আশরাফুজ্জামান। গত ২১ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, দ্য কোম্পানি অ্যাক্ট, ১৯৯৪-এর আওতায় ‘মেমোরেন্ডাম অ্যান্ড অ্যাসোসিয়েশন অব এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’-এর ৫৪ (৩) ধারা অনুযায়ী আ. কা. মো. আশরাফুজ্জামান-কে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ হতে আগামী ১ (এক) বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রধান শর্ত হলো, যোগদানের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
ইডিসিএল পরিচিতি: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যা দেশের সরকারি স্বাস্থ্যসেবা খাতের জন্য প্রয়োজনীয় মানসম্মত ওষুধ উৎপাদন ও সরবরাহ করে থাকে।
আপনার মতামত লিখুন :