:: নিজস্ব প্রতিবেদক ::
সারাদেশে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের পরিবর্তে এই কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর থেকে। ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের কারণে প্রস্তুতি নিতে বিলম্ব হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
টিকাদান কর্মসূচি ১৮ কর্মদিবসে সম্পন্ন হবে, যার প্রথম ১০ দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের মাধ্যমে ভারত থেকে সংগ্রহকৃত এই টিকা এক ডোজের ইনজেকশন হিসেবে দেওয়া হবে, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে এবং টিকাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে পরীক্ষিত বলে নিশ্চিত করা হয়েছে।
টাইফয়েড টিকা সম্পর্কে শাহাবুদ্দিন খান জানান, এই টিকা নেপাল ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে সফলভাবে ব্যবহার করা হয়েছে। সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ানো টাইফয়েড রোগ প্রতিরোধে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দূষিত খাবার ও পানি থেকে এই রোগ ছড়ায় বলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :