বিভিন্ন কারণে একের পর এক বাতিল বা স্থগিত হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট। সর্বশেষ নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পাকিস্তানের শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত দুটি কনসার্ট। আয়োজকদের ভাষ্য, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি।
২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘মাহাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড—‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’ (ফিচারিং)-এর পাশাপাশি বাংলাদেশের চারটি ব্যান্ড ‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)-এর পারফর্ম করার কথা ছিল।
তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় কনসার্টটি স্থগিত করতে হয়েছে। আয়োজকদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকও পরিশোধ করা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কনসার্ট স্থগিতের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে একই কারণে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টও বাতিল করা হয়েছে। ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’-এর আয়োজনে ২৬ সেপ্টেম্বর পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ ব্যান্ডটির পারফর্ম করার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে সেই আয়োজনও স্থগিত করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টগুলোর নতুন তারিখ দ্রুত ঘোষণা করা হবে। এ দুটি আয়োজনের বাইরে আরও তিন বিদেশি শিল্পীকে নিয়ে পরিকল্পিত তিনটি কনসার্টও স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে এসব কনসার্ট স্থগিতের বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত কারণ ও পরবর্তী সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আপনার মতামত লিখুন :