অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানও রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করেছেন।

পৃথক প্রজ্ঞাপনে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।