দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশজুড়ে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় মোট ২১ হাজার ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ফলে একদিকে নতুন করে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে হাসপাতালগুলোতেও রোগীর চাপ অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :