মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর মালিকানা ডাক অধিদপ্তরের হাত থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে শিগগিরই বিনিয়োগকারী খোঁজার বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই নগদের মালিকানা নতুন উদ্যোক্তার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকেই নানা সুবিধা পেলেও, সময়ের সঙ্গে নগদের বিরুদ্ধে একের পর এক অনিয়ম, অর্থ আত্মসাত ও ভুয়া হিসাবের অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে শত কোটি টাকার বেশি ঘাটতির প্রমাণ মেলে, যা নিয়ে মামলা পর্যন্ত গড়ায়। এর মধ্যেই প্রতিষ্ঠানটির আগের পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং সাম্প্রতিক সময়ে প্রায় দেড় কোটি ভুয়া হিসাব বাতিলসহ কাঠামোগত সংস্কার আনা হয়েছে।
গভর্নর আহসান এইচ মনসুর মনে করেন, দেশে প্রতিযোগিতা বাড়াতে এবং ‘ক্যাশলেস সোসাইটি’ গড়ে তুলতে নগদকে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে নতুন করে গড়ে তোলা জরুরি। বিকাশের মতো শক্তিশালী প্রযুক্তি কোম্পানি যদি ধাপে ধাপে নগদে বিনিয়োগ করে, তবে এটি আবারও বাজারে যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :