বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ রায় দেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও কয়েক শতাধিক আহত হন। নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় জজ আদালত মামলার রায়ে বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং কয়েকজন পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাই কোর্ট গত বছর ১ ডিসেম্বর রায়ে সব আসামিকে খালাস দেয় এবং মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে।
রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার হাই কোর্টের রায় বহাল রাখে। তবে হাই কোর্টের পূর্ণাঙ্গ রায়ের একটি অংশ—যেখানে বলা হয়েছিল মামলাটি পুনঃতদন্ত করা প্রয়োজন—সেটি বাদ দিয়েছে আপিল বিভাগ।
আদালত পর্যবেক্ষণে বলেছে, গ্রেনেড হামলা দেশের ইতিহাসে একটি জঘন্য ও মর্মান্তিক ঘটনা হলেও এ মামলায় সঠিক ও স্বাধীন তদন্ত হয়নি।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
রায়ের ফলে তারেক রহমান ও বাবরসহ আসামিদের বিরুদ্ধে জজ আদালতের দেওয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের আদেশ বাতিল হলো।
আপনার মতামত লিখুন :