জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যাত্রাবিরতি শেষে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হবে। সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী চললে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।
সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।
এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক সহযোগিতা, উন্নয়ন, অর্থনৈতিক অংশীদারত্ব এবং চলমান বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে সফরটি গুরুত্ব পেয়েছে।
আপনার মতামত লিখুন :