নামসর্বস্ব প্রতিষ্ঠান ব্যবহার করে ১৫০ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও সিকদার পরিবারের সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলায় সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার, পরিচালক রিক হক সিকদার, তাদের তিন বোন এবং পরিবারের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারাও আসামির তালিকায় রয়েছেন। তারা হলেন- ব্যাংকটির সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এম. এম. মোস্তাফিজুর রহমান, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক, সাবেক পরিচালক ফারজানা পারভীন, আতিকুর নেসা, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইসহাক, আহমদ মুক্তাদির আরিফ, ড. মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক মনোনীত পরিচালক খন্দকার ইফতেখার আহমদ, বদরুন নেছা, জামাল মোস্তফা চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর ও সাবেক পরিচালক মো. ওয়াহিদুল আলম শেঠ।
দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে রন হক সিকদার ব্যাংকের কারওয়ান বাজার শাখায় হিসাব খুলে পাওয়ার প্লান্টের কাজের অর্ডার দেখিয়ে ১৫০ কোটি টাকার ঋণের আবেদন করেন। তবে তদন্তে কোনো কার্যাদেশ বা জামানতের অস্তিত্ব পাওয়া যায়নি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুমোদনের পরদিনই পুরো অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়।
দুদকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত সুদসহ বকেয়া দাঁড়িয়েছে ২০৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি। ক্ষমতার পালাবদলের পর সিকদার পরিবার ও ব্যবসায়ী এস আলমের নামে একাধিক মামলা দায়ের করেছে দুদক।
আপনার মতামত লিখুন :