জাতিসংঘ সাধারণ পরিষদ

যুক্তরাষ্ট্রে ভারতের সমালোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক বৈঠকে ভারতের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, গত বছরের গণঅভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি, এর জেরেই ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, ভারতীয় গণমাধ্যম ভুয়া সংবাদ প্রচার করেছে এবং গণঅভ্যুত্থানকে ইসলামি আন্দোলন হিসেবে তুলে ধরে প্রোপাগান্ডা চালিয়েছে।

প্রধান উপদেষ্টা আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেও দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। তার ভাষায়, “ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যার সৃষ্টি করছেন।”

বৈঠকে তিনি আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। তবে তার দাবি, ভারতের রাজনৈতিক অবস্থানের কারণেই এ জোট কার্যত অচল হয়ে আছে। পাশাপাশি আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০১৪ সালের পর সার্ক সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি। ২০১৬ সালে পাকিস্তানে নির্ধারিত সম্মেলনে ভারত অংশগ্রহণে অস্বীকৃতি জানালে জোটটি স্থবির হয়ে পড়ে। বর্তমানে ভারত বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে সাম্প্রতিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।