নাহিদ ইসলাম

জুলাই সনদে সই করতে এনসিপিকে সরকারের আহ্বান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, সরকার তাদেরকে জুলাই সনদে সই করার আহ্বান জানিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে সরকার আমাদের সনদে সই করার আহ্বান জানিয়েছে।’

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছায়। প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এর আগে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বিএনপি নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকা নেওয়ার আহ্বান জানায় এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় ব্যক্তিদের অপসারণের দাবি তুলে ধরে।