নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি: ডা. তাহের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৮:০১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দিয়ে বিএনপি অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “নভেম্বরে যদি গণভোট অনুষ্ঠিত হয়, তবে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতির যথেষ্ট সময় থাকবে।”

জামায়াত প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।