সুপ্রিম কোর্টের ছুটি চলাকালে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ৮০০ মামলায় জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
যে তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন—বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম জাকির হোসেন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, অবকাশকালীন সময়ে হাইকোর্টের ওই বেঞ্চ চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ মামলায় জামিন দেওয়ায় গত ২৩ অক্টোবর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
পরদিন (২৪ অক্টোবর) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন বিচারপতির কাছে ব্যাখ্যাপত্রের নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ওই বিপুল সংখ্যক জামিন আবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে এবং আসামিপক্ষের আইনজীবীদের তালিকাও জমা দিতে হবে।
এ ঘটনার পর প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতিদের বেঞ্চে পরিবর্তন আনা হয়। যেখানে পূর্বে তারা যৌথ বেঞ্চে বসতেন, এখন থেকে একক বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্ট সূত্রে আরও জানা যায়, নোটিশের জবাব দেওয়ার জন্য নির্ধারিত তিন দিনের সময়সীমা সোমবার শেষ হয়েছে। তবে তিন বিচারপতির মধ্যে একজন জবাব দাখিলের জন্য অতিরিক্ত ১২ দিন সময় চেয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে আবেদন করেছেন।
বিচার বিভাগের ইতিহাসে এত স্বল্প সময়ে এত বেশি সংখ্যক জামিন দেওয়ার ঘটনা বিরল বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
আপনার মতামত লিখুন :