প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ড. কামাল সিদ্দিকী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বহু গ্রন্থের প্রণেতা ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি নড়াইলের এসডিও হিসেবে চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ঘোজাডাঙ্গা-সাতক্ষীরা সীমান্তে একটি ক্যাম্পে থেকে তিনি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম.এ.জি. ওসমানীর তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজয়ের পরদিন ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর তিনি ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :