সাবেক অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী কাশমিরি কামাল, এবং দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মন্ত্রী থাকাকালে মোস্তফা কামাল ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন এবং তা স্ত্রী ও কন্যাদের নামে স্থানান্তর ও বৈধ করার চেষ্টা করেন।
অভিযোগ অনুযায়ী, স্ত্রী কাশমিরি কামালের নামে ৪৪ কোটি টাকার সম্পদ, কন্যা কাশফি কামালের নামে ৩১ কোটি টাকার সম্পদ, এবং নাফিসা কামালের নামে ৬২ কোটি টাকার সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য তদন্তাধীন রয়েছে।
দুদক জানায়, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, মূল্যায়ন প্রতিবেদন ও অফিস আদেশসহ সব প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা জরুরি। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন।
আপনার মতামত লিখুন :