আসিফ মাহমুদ

বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থায় ১০ থেকে ২০ কোটি টাকা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন করা প্রায় অসম্ভব। ফলে, নির্বাচন করা হবে কি না—সে বিষয়টি নিয়ে তাদের ভাবতে হচ্ছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় যাদের কালো টাকা আছে তারাই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বেশি পায়। আর কারো কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচন করলে নির্বাচিত হওয়ার পর তার স্বার্থই বাস্তবায়ন করতে হয়। এ অবস্থায় মূল্যবোধ ও রাজনৈতিক আদর্শ ধরে রাখা কঠিন হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, যদি তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।

গোলটেবিল আলোচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ অন্যান্যরা অংশ নেন।